সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সভা-মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও আরও এক সাংবাদিকসহ চার ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনায় তিন জেলায় প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বেলা ১১টায় মানববন্ধন করেছেন বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গ্রামবাসী ও প্রথম আলো জেলা বন্ধুসভার সদস্যরা। এতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার লোকজনও অংশ নেন। এ ছাড়া আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি খাইরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করার সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক।
নওগাঁয় প্রগতিশীল সাংবাদিক ফোরামের ব্যানারে বিকেল চারটায় শহরের ব্রিজের মোড়ে মানববন্ধন হয়েছে। এ ছাড়া সাপাহার উপজেলা প্রেসক্লাবে হয়েছে প্রতিবাদ সভা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়।
গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে ওই হামলা হয়। এতে প্রথম আলোর সাংবাদিক আহত আনোয়ার হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করতে হয়। হামলায় আরও আহত হন দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আবদুর রব নাহিদ, প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর ও আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার। হামলাকারীরা সাংবাদিকদের দুটি ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও কুড়িগ্রাম এবং নওগাঁ প্রতিনিধি}