সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাংবাদিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় আনিসুর রহমান নামে এক সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের বিচারিক হাকিম আদালতের হাকিম শেখ মোজাহিদুল ইসলাম এই আদেশ দেন।পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ এপ্রিল দৈনিক সরেজমিন-এর মানিকগঞ্জ ব্যুরোপ্রধান আনিসুর রহমানের নেতৃত্বে ৫০-৬০ জন লাঠিসোঁটা নিয়ে প্রেসক্লাবের নিচে দাঁড়িয়ে থাকা সমকাল ও কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি যথাক্রমে বিপ্লব চক্রবর্তী ও সাব্বিরুল ইসলামের ওপর আতর্কিত হামলা চালান। পূর্ববিরোধের জের ধরে চালানো ওই হামলায় বিপ্লবের ডান হাত ভেঙে যায়। এ সময় সহকর্মীদের বাঁচাতে গিয়ে আরও তিন সাংবাদিক আহত হন। ওই দিন সন্ধ্যায় বিপ্লব বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় আনিসুর, চন্দন, সোহেল, মিলন ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। এর পর থেকে আসামিরা পলাতক ছিলেন। চারজন আসামি গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আনিসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর তিনজনকে জামিন দেওয়া হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আদালত শুনানি শেষে আনিসুরের জামিন নামঞ্জুর করেছেন।