সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা বিচার দাবি
হরতালের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।গতকাল রোববার হরতাল চলাকালে নয়াপল্টনে সাংবাদিকদের ওপর হামলা চালায় পুলিশ। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।এ ঘটনার প্রতিবাদে এক যৌথ বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, হরতালকে কেন্দ্র করে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা কাম্য নয়। গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা বিকাশ প্রক্রিয়ার ধারায় এ ধরনের ঘটনা অনভিপ্রেত। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরত থাকা এবং সংযত আচরণ করার আহ্বান জানান তাঁরা।অপর এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) নেতারা। ওই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।