সাংবাদিকদের ওপর হামলায় সাবেক ভিসিসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাবেক উপাচার্য (ভিসি) সৈয়দ সাখাওয়াত হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল সোমবার দৈনিক সংবাদ-এর পটুয়াখালী প্রতিনিধি নিখিল চ্যাটার্জি বাদী হয়ে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রশাসনিক কর্মকর্তা জালাল মৃধা, সংস্থাপন বিভাগের সেকশন কর্মকর্তা মো. সাইদুর রহমান, রেজিস্ট্রারের কার্যালয়ের সিনিয়র সহকারী মো. সোহাগ, উপাচার্যের একান্ত সহকারী আসাদুজ্জামান মুন্না, কীটতত্ত্ব বিভাগের প্রভাষক মো. জুয়েল হাওলাদার ও বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক আবদুল কুদ্দুস মোল্লা। এ ছাড়া ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ১৮ ডিসেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উন্নয়নের চার বছর পূর্তি অনুষ্ঠান’ শীর্ষক মতবিনিময় সভায় আমন্ত্রিত হয়ে দৈনিক সংবাদ-এর পটুয়াখালী প্রতিনিধি নিখিল চ্যাটার্জি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত হন। দেড়টার দিকে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এ সময় তিনি উপাচার্যের নিয়োগ-বাণিজ্য, অনিয়মসহ রেজিস্ট্রার নিয়োগ-সংক্রান্ত অনিয়মের প্রমাণপত্রসহ বক্তব্য প্রদানের সময় উপাচার্য ও রেজিস্ট্রারের হুকুমে অন্য আসামিরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি-লাথি মারেন। আসামিরা তাঁর গলায় থাকা সোনার চেইন ও হাতঘড়ি ছিনিয়ে নেন। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন ডেইলি স্টার-এর পটুয়াখালী প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং বাউফল উপজেলার ইত্তেফাক-এর প্রতিনিধি আমিরুল ইসলাম। সৈয়দ সাখাওয়াত হোসেন ২০০৮ সালের ২১ ডিসেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। ২০ ডিসেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি আগের কর্মস্থল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।