প্রথম আলোর প্রতিনিধির বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা। ছয় দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কয়েক দফা আলোচনার প্রস্তাব দিয়ে আবার কোনো সাড়া না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে অবস্থান নেন। গতকাল তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পালন করেছেন সাংবাদিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান অব্যাহত থাকবে বলে গতকালও ঘোষণা দেওয়া হয়। সংবাদ প্রকাশের জের ধরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে গত সোমবার রাতে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে সাময়িক বহিষ্কার করা হয়। ওই দিন প্রথম আলোর সিলেট সংস্করণের পাঁচের পাতায় ‘শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। গত মঙ্গলবার ওই বহিষ্কারাদেশ প্রতিনিধির হস্তগত হওয়ার পরপরই সাংবাদিকসহ শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে ‘মুক্ত স্বাধীন সাংবাদিকতায় ক্ষমতার কালো থাবা—রুখে দাঁড়াও’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে নামেন। গতকাল অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন পরিচালনায় গঠিত ‘স্টিয়ারিং কমিটি’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাকি পাঁচ দফা দাবি মেনে নিতে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর করতে ব্যর্থ হয় প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক-শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে তৃতীয় দিনের মতো উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। সকাল থেকে রাত পর্যন্ত একনাগাড়ে চলা অবস্থান কর্মসূচিতে দুপুরের দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নাঈম হাসানের নেতৃত্বে ছাত্রলীগের একটি প্রতিনিধিদল সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করে। পরে ছাত্রলীগের নেতা নাঈম হাসানসহ বিশ্ববিদ্যালয় শাখার উত্তম দাস, অঞ্জন রায়, আবদুর রশিদ খান, রাশেন্দ্র দাস, আবু নছর মণ্ডল, সাঈদ আকন্দ, আবদুল আওয়াল ও চয়ন বড়ুয়া দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দাবি মেনে নিতে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। বিকেলে অবস্থানরত সাংবাদিক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে ছয় দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। অবস্থান কর্মসূচি পরিচালনায় গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাস বলেন, ‘একটানা তিন দিন অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাদের কঠিন কর্মসূচি গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় আমরা ছয় দফা দাবি নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবক একাত্ম করে বড় পরিসরে আন্দোলনের প্রস্তুতি শুরু করব।’