সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর 'নালিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের দ্বারা যখন ক্ষতবিক্ষত হই, তখন আমরা কার কাছে যাব? কোথায় বিচার পাব জানি না। এই নালিশটুকু রেখে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংসদ গণমাধ্যমের কর্মীদের গায়ে হাত তুলেছেন। আমরা তাঁকে ছেড়ে দিইনি। আমরা জানি অসির চেয়ে মসির জোর বেশি।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং সংবিধান মোতাবেক হবে। তিনি বলেন, অসাংবিধানিক উপায়ে  সরকার আনার চেষ্টা করা হলে দুই বছর কেন, ১০ বছরেও নির্বাচন হবে না। কাজেই সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে। সাংবাদিকদের সমালোচনা করাতে কোনো আপত্তি নেই বলে জানান প্রধানমন্ত্রী। তবে তিনি বলেন, সাংবাদিকদের এমন সমালোচনা করা উচিত না যাতে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। 

ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ।