সাংবাদিকদের কার্যালয়ে চুরি মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্বর এলাকার সেনামৈত্রী ফার্ম সুপার মার্কেটে তিন সাংবাদিকের কার্যালয়ে গত শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সাংবাদিক আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও আবু হাসনাত ওই মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক প্রয়োজনেও ব্যবহার করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এসআর ট্রেডিং সেন্টারের কক্ষটি তালাবদ্ধ করে তাঁরা বাড়িতে চলে যান।
পরদিন শনিবার সকালে চেম্বারটি খুলে ভেতরে প্রবেশ করলে বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। চোরেরা শুক্রবার দিবাগত রাতে চেম্বারের পশ্চিম পাশের টিনের চালা কেটে ভেতরে ঢুকে একটি ল্যাপটপ, একটি ভিডিও ক্যামেরা এবং ২৫টি মুঠোফোন, নগদ দুই হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
সাংবাদিক আবু হাসনাত বলেন, ‘আমরা তিন বন্ধু সাংবাদিকতা ও কলেজে অধ্যাপনার পাশাপাশি মুঠোফোন ব্যবসা করতে এসআর ট্রেডিং সেন্টার প্রতিষ্ঠা করেছি। এই চুরির ঘটনায় থানায় চুরির মামলা করা হয়েছে।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।