সাংবাদিকদের খবিশ ও চরিত্রহীন বললেন সমাজকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী গতকাল এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে গালি দিয়েছেন। এ সময় সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ করে তাঁর অনুষ্ঠান বর্জন করেন। এরপর মন্ত্রী সাংবাদিকবিহীন মিলনায়তনে আবারও সাংবাদিকদের আক্রমণ করে বক্তব্য দেন।
গতকাল শনিবার বিকেলে মন্ত্রী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের আক্রমণ করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আই এম ভেরি ক্লিয়ার, আপনারা রংবাজি করবেন, আর আমি মিষ্টি খাওয়াব, তা হবে না। আমারও শক্তি আছে। কার কী চরিত্র আমার জানা আছে। ডিএসবি দিয়ে চারিত্রিক ডাটা বের করতে সময় লাগবে না।’
আলোচনা সভা শুরু হয় বিকেলে। অনুষ্ঠানে সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথি ছিলেন।
সন্ধ্যা ছয়টার দিকে সমাজকল্যাণমন্ত্রী বক্তব্য শুরু করেন। আলোচনার বিষয় আদিবাসী হলেও প্রায় ৪০ মিনিটের বক্তব্যে ঘুরেফিরে সাংবাদিকদের নিয়েই আক্রমণাত্মক বক্তব্য দেন তিনি।
বক্তব্য দেওয়ার জন্য তাঁকে আহ্বান করা হলে মন্ত্রী মাইক্রোফোনের সামনে এসে সাংবাদিকদের সরে যেতে বলেন। এ সময় তিনি ‘সর সর...’ বলেন।
একপর্যায়ে ‘তোমাদের মুখ দেখতে আসি নাই...’ বলে সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে থেকে ক্যামেরা নিয়ে চলে যেতে বলেন। সাংবাদিকেরা যা ইচ্ছে তাই লেখে জানিয়ে বলেন, ‘এরা কেউ জার্নালিজম পড়ে সাংবাদিক হয়নি। একমাত্র আমার মেয়ে জার্নালিজমে এমএ করেছে। আর এরা কলেজে ঘোরাঘুরি করে সাংবাদিক বনে গেছে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যত দিন দুনিয়া থাকবে, তত দিন ফজরের নামাজের পর মসজিদে কোরআন শরিফ পাঠ হবে। মাদ্রাসাশিক্ষায় আরবির পাশাপাশি বাংলা-ইংরেজি শিক্ষা না দিলে তারা পিছিয়ে পড়বে। আমি একটি অনুষ্ঠানে এ রকম কথা বলেছিলাম। কিন্তু সাংবাদিকেরা আমার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে।’
একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজ ওই পত্রিকা লিখেছে, তারা আমাকে লাল পানি খাওয়াবে। আমি বলি একটা, তারা লিখে আরেকটা। আমার শ্বশুরবাড়ি সিলেটে। সাংবাদিকদের পেছনে সিলেটের মানুষ লেলিয়ে দিতে আমার সময় লাগবে না।’
মন্ত্রী বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকেরা যা ইচ্ছে লেখুক, তাতে কিছু যায় আসে না। তুমি চালিয়ে যাও।’
মন্ত্রী বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে ভৎ৴সনা করেন। বলেন, ‘এরা খবিশ, চরিত্রহীন। স্বাধীন কমিশন হলে পরে দেখ নেব তোমরা কতটুকু যেতে পারো।’
এ সময় মিলনায়তনে উপস্থিত সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে বের হয়ে যেতে থাকলে তিনি খবিশ ও চরিত্রহীন বলে গালি দেন। এ পর্যায়ে সাংবাদিকেরা হইচই শুরু করলে মন্ত্রী বক্তব্য বন্ধ করে নীরব থাকেন। তখন মিলনায়তনজুড়ে হট্টগোল সৃষ্টি হলে মঞ্চে বসা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আদিবাসী নেতারা সাংবাদিকদের মিলনায়তন থেকে নীরবে বের হয়ে যেতে সহায়তা করেন।
সাংবাদিকেরা চলে যাওয়ার পর পাঁচ মিনিট বিরতি দিয়ে মন্ত্রী ফের মাইক্রোফোনের সামনে গিয়ে বক্তৃতা শেষ করেন। পরে পুলিশ পাহারায় গাড়ি দিয়ে সার্কিট হাউসে চলে যান তিনি।
অনুষ্ঠান কভার করতে যাওয়া সাংবাদিকেরা এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ করে পরে মিলনায়তন এলাকা ছেড়ে চলে যান। মন্ত্রীর বক্তৃতায় বিপাকে পড়েন আদিবাসী নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আদিবাসী নেতা বলেন, ‘আমরা তো সাংবাদিকদের দাওয়াত করে এনেছিলাম। অনেক সাংবাদিক আমাদের ফোন করে ক্ষোভ প্রকাশ করেছেন।’
সমাজকল্যাণমন্ত্রী যখন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, পেছনে অনেকটা বিব্রতভাব নিয়ে দাঁড়িয়ে ছিলেন মন্ত্রীর এপিএস সাইফুল ইসলাম খান। অনুষ্ঠান শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর বক্তৃতা বিকৃত করে ইতিপূর্বে কয়েকটি পত্রিকা রিপোর্ট করায় মন্ত্রী ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকদের সামনে দেখে সেই ক্ষোভে মন্ত্রী কিছু কথা বলে ফেলেছেন। বিষয়টি আসলেই দুঃখজনক।’
আদিবাসীরা ‘আর্য’: সমাজকল্যাণমন্ত্রী আদিবাসীদের ‘আর্য’ ডাকা উচিত বলে জানান। তিনি বলেন, ‘এরা হচ্ছে আর্য। আমরা বাঙালি হিন্দু-মুসলমানেরা হচ্ছি অনার্য। আর্যদের আমি সব সময় সম্মান জানাই।’ তিনি ‘আদিবাসী ভাই’ অভিহিত করে বলেন, ‘আদিবাসীদের দরকার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া। অর্থনৈতিক অবস্থা ভালো হলে জায়গাজমির মালিক হওয়া যাবে। তখন ভূমিদস্যুরাও ভয় পাবে আদিবাসীদের।’
আদিবাসী দিবসে সিলেট বিভাগীয় প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীকান্ত সিংহ। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় আদিবাসী উদ্যাপন কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র।
১৩ দফা: সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র ও সদস্যসচিব বনিফাস খংলা স্বাক্ষরিত ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। সমাজকল্যাণমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ‘আদিবাসী নয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতি’ উল্লেখ করে সরকারি পরিপত্র প্রত্যাহার, আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, সংসদের ৫ ভাগ আসন সংরক্ষণ, স্বতন্ত্র ভূমি কমিশন গঠন, সরকারি ও বেসরকারি সব কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবির উল্লেখ রয়েছে।
আগেও গালমন্দ করেছেন: গত ২২ জুলাই সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেছিলেন, ‘আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না।’ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা বারবার গণমাধ্যমে প্রচার করার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা যা ইচ্ছা দেখাবেন, বারবার দেখিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করছেন, মানুষকে উত্তেজিত করছেন।’