সাংবাদিকদের গণপিটুনির হুমকি দিলেন নাসিম ওসমান, পরে অস্বীকার
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান সাংবাদিকদের গণপিটুনি দেওয়ার হুমকি দিয়েছেন। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল আমিন মাকসুদ ওরফে বরিশাইল্যা মাকসুদের কুলখানি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় সমবেতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নাসিম ওসমান এ হুমকি দেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। এ ব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। তবে নাসিম ওসমান ওই অভিযোগ অস্বীকার করেছেন। শহরের খানপুরে মাকসুদের বাড়িতে ওই কুলখানি হয়।সাংবাদিকেরা বলেন, কুলখানিতে মাকসুদকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন সাংসদ নাসিম ওসমান। পাশাপাশি মাকসুদের অপকর্ম বিভিন্ন সংবাদপত্রে তুলে ধরায় সাংবাদিকদের তথ্য-সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন তিনি। গত সোমবার সকালে মাকসুদের জানাজার আগেও সাংসদ নাসিম ওসমান সাংবাদিকদের বিষোদগার করেন। বিষোদগার এবং গণপিটুনির হুমকি দেওয়ায় জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে সাংসদ নাসিম ওসমান বলেন, ‘ওই দিনের বক্তব্যে আমি সাংবাদিকদের গণপিটুনি দেওয়ার কোনো হুমকি দিইনি। আমি বলেছিলাম, “খারাপ কাজ করলে জনগণ যেমন রাজনীতিকদের ছাড়ে না, তেমনি সাংবাদিকেরাও খারাপ কাজ করলে জনগণের রোষানল থেকে রেহাই পাবেন না। আর জনগণ খেপলে মিছিলে পদদলিত করে, না হলে গণপিটুনি দেয়।” গণপিটুনি দিতে অনেক মানুষ লাগে। আমি একা কীভাবে গণপিটুনি দেব?’গত রোববার সকালে গাজীপুরের জয়দেবপুর থানার তালটিয়া নাগদা সেতুর পাশ থেকে মাকসুদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।