সাংবাদিকদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটির সাংবাদিকেরা। গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ আহ্বান জানান।
‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। পরিবার ও প্রতিবেশী তরুণদের দিকে দৃষ্টি দিতে হবে। তাঁদের সঙ্গে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে হবে।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, বিটিভির প্রতিনিধি মো. মোস্তফা কামাল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান ও ৭১ টিভির রাঙামাটি প্রতিনিধি উছিন চিং রাখাইন।