সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা চান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার পক্ষে মত দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাঁদের পরিবার আছে, বেঁচে থাকার স্বপ্ন আছে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা পেট্রলবোমার আগুনের সংবাদ সংগ্রহ করছেন। নবম ওয়েজ বোর্ডে যাতে এ ভাতা প্রতিফলিত হয়, সেজন্য আমি বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘মানুষকে আতঙ্কে রাখে যে রাজনীতি, মানুষকে উদ্বেগে রাখে যে রাজনীতি, সেই রাজনীতি কাম্য হতে পারে না। সরকার এবং বিরোধী দলের মধ্যে ন্যূনতম কর্ম-সম্পর্ক থাকতে হবে। কর্ম-সম্পর্ক না থাকলে সংঘাত সৃষ্টি হবে। সংঘাতের মধ্যে শুভ কিছু আসবে না। সহিংসতার আগুন নেভাতে ঘৃণার আগুন আজ ছড়িয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘রাজনীতির বিভক্তি সাংবাদিকতায় পড়েছে। আমাদের চিকিৎসকেরা বিভক্ত, আমাদের আইনজীবীরা বিভক্ত। কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভক্তি কাম্য নয়। ন্যূনতম কর্ম-সম্পর্ক বজায় রাখা দরকার। সেটা চট্টগ্রামে আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। রাজনীতির নামে এখন নাশকতা চলছে। কোনো বিবেকবান মানুষের কাছে তা কাম্য নয়। আসলে বাংলাদেশে যা চলছে, তা পাকিস্তানেও চলছে। তা সোমালিয়া ও ইরাকে চলছে। প্রতিদিন মানুষ মারা হচ্ছে।’
মন্ত্রী চট্টগ্রামের টিভি সাংবাদিকদের কল্যাণ তহবিলে দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।