সাংবাদিকদের জন্য বিপজ্জনক জেলা সাতক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক জেলা হয়ে উঠেছে সাতক্ষীরা। ১৮-দলীয় জোটের অবরোধ-হরতালের এই সময়ে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার শিকার হয়েছেন ১২ জন সাংবাদিক ও দুজন সংবাদপত্রসেবী। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছেন একজন।

চরম আতঙ্কের মধ্যে জেলার সাংবাদিকেরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। অবরোধ-হরতালে জামায়াত-শিবির জেলাটিকে যোগাযোগবিচ্ছিন্ন করে রাখছে। একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশের ব্যর্থতাকে দায়ী করে এরই মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি করা হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, জেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের ওপর হামলা এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। পুলিশ আসামি ধরছে না। এসব কারণে জেলার সাংবাদিকদের সাবধানে চলতে, বিশেষ করে রাতে একা না চলার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকেরা জানান, ২১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা পারুলিয়া বাজারে কুপিয়ে হত্যা করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জন্মভূমির দেবহাটা উপজেলা প্রতিনিধি আবু রায়হানকে (৪২)। তাঁর চাচাতো ভাই মো. শহীদুল্লাহ জানান, প্রকাশ্যে জনসমক্ষে ২০-২৫ জন জামায়াত-শিবিরের কর্মী আবু রায়হানকে হত্যা করেন। আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

জামায়াত-শিবিরের কর্মীদের হাতে গুরুতর আহত দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন সাতক্ষীরা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। সাংবাদিক আবুল হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য ইয়ারব হোসেনসহ তাঁরা তিনজন গত ৩০ নভেম্বর একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা সদর থানার তুজুলপুর গ্রাম থেকে জেলা শহরে আসছিলেন। পথে সাতক্ষীরা-আখড়াখোলা সড়কের উত্তর দেবনগর এলাকায় জামায়াত-শিবিরের পিকেটাররা তাঁদের মোটরসাইকেল থামিয়ে ইয়ারব হোসেনকে নামিয়ে নিয়ে রড় দিয়ে মারপিট করতে থাকেন। একপর্যায়ে তাঁকে নিয়ে যান। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রায় এক ঘণ্টা পর সাংবাদিকেরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উত্তর আখড়াখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পিকেটাররা তাঁর ডান পাসহ একাধিক স্থান এবং ডান হাত ভেঙে দিয়েছেন। মাথায় পাঁচটি স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। থেঁতলে দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন স্থানে। এ ঘটনায় সাংবাদিক ইয়ারব হোসেনের ভাই আবু সিদ্দিক জামায়াত-শিবিরের ১৩ জন কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক মো. হাসানুজ্জামান জানান, বর্তমানে ইয়ারব হোসেনের অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কামুক্ত হতে সময় লাগবে।

দৈনিক সংবাদের কলারোয়া প্রতিনিধি আবদুর রহমানকে ২১ আগস্ট উপজেলার মানিকনগর গ্রামের বাড়িতে ঢুকে তাঁর ওপর জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার পর থেকে তিনি বাড়ি যেতে পারেনি। দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশারফ হোসেনের ওপর ২১ নভেম্বর কলারোয়া উপজেলার ওয়াপুরে হামলা চালানো হয়। সমাজের কথার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলীর ওপর ২৬ নভেম্বর হামলা চালানো হয়। ১০ নভেম্বর ও ১১ নভেম্বর ইত্তেফাকের কলারোয়া জেলা প্রতিনিধি আজাদুর রহমানের খানের বাড়িতে দুই দফা হামলা ও ভাঙচুর চালানো হয়। দৈনিক পত্রদূতের কলারোয়া উপজেলার ধানদিয়া প্রতিনিধি হাবিবুর রহমানের ওপর ৪ ডিসেম্বর হামলা চালানো হয়েছে।

দৈনিক জন্মভূমির কালীগঞ্জ প্রতিনিধি আবু হাবিবের ওপর ২৯ আগস্ট হামলা চালিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। ৩ মার্চ একই পত্রিকার শাখরা প্রতিনিধি আসাদুল ইসলাম ও গাজীরহাট প্রতিনিধি মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়। একই পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর ৫ নভেম্বর ককটেল হামলা চালানো হয়। পত্রিকাটির নলতা প্রতিনিধি আবদুল আহাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ৩০ নভেম্বর ভাঙচুর করা হয়।

১১ নভেম্বর দৈনিক কাফেলা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি শকিবুল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ৩০ নভেম্বর একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ওপর ককটেল ছুড়ে মারা হয়।

এ ছাড়া দৈনিক পত্রদূতের পত্রিকা পরিবেশক ফাহাদ হাসান ও দৈনিক কালের চিত্রের আজাহারুল ইসলামের ওপর ২৯ আগস্ট ও ১২ নভেম্বর দুই দফা হামলা করা হয়। সাতক্ষীরা সংবাদপত্র বিপণি ইসলাম ট্রেডার্সের গাড়িতেও হামলা চালানো হয়।

এসব ঘটনার মধ্যে হাবিবুর রহমান ও সামিউল মনিরের ওপর হামলাকারীদের শনাক্ত করা যায়নি। বাকি সব কটি ঘটনায় জামায়াত-শিবির কর্মীরা প্রকাশ্যে হামলা চালিয়েছেন।

ঘটনার পর ৩ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এক জরুরি সভা ডাকা হয়। তৎকালীন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযোগ করা হয়, ইয়ারব হোসেনের ওপর জামায়াত-শিবিরের নৃশংস হামলা চলাকালে পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি। সাম্প্রতিক হরতাল ও অবরোধকারীদের হাতে জেলায় কমপক্ষে ২০ জন সাংবাদিক ও সংবাদপত্রসেবী হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ এনে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, তাঁরা ইয়ারব হোসেনের ওপর হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে যান। তাঁকে উদ্ধারের উদ্যোগ নেন। তবে অবরোধের কারণে ইচ্ছা থাকার পরও স্বাভাবিক নিয়মে কাজ করা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করার বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সাংবাদিকদের ওপর হামলার পর পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। পুলিশের আন্তরিকতার কোনো অভাব নেই। তবে অবরোধের কারণে পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে।