সাংবাদিকদের তথ্য না দিতে অফিস আদেশ
সাংবাদিকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী। অনুমতি ছাড়া হাসপাতালের ভেতরে সভা-সম্মেলন করার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।২৫ সেপ্টেম্বর সই করা অফিস আদেশে পরিচালক বলেছেন, হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ও রোগীর চিকিৎসাসেবার স্বার্থে পরিচালকের অনুমতি ছাড়া সাক্ষাৎকার, আলোচনা বা কোনো বক্তব্য দেওয়া যাবে না। অফিস আদেশে বলা হয়েছে, পরিচালকের অনুমতি ছাড়া কেউ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করলে বা বক্তব্য দিলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা, দালালের দৌরাত্ম্য, রোগীর হয়রানি, চিকিৎসক-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এসব নিয়ে একাধিক দৈনিকে প্রতিবেদন ছাপা হওয়ার কারণে পরিচালক ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাই এই আদেশ দিয়েছেন তিনি।২১ সেপ্টেম্বর আরেক আদেশে পরিচালক জানিয়েছেন, হাসপাতালের কোনো সংগঠন বা সমিতি সভা-সম্মেলন করতে চাইলে পরিচালকের পূর্ব অনুমতি নিতে হবে। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে আবুল হোসেইন খান চৌধুরী ক্লান্তির কারণে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।