বরিশালের বাকেরগঞ্জের স্কুলছাত্রী সেঁজুতির আত্মহননের ঘটনায় জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন করা ১১ জন সাংবাদিককে তলব করেছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।গত বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবের সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়ে ওই সাংবাদিকদের আগামী সোমবার বেলা ১১টার মধ্যে জেলা পুলিশ কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মোজাহিদুল। যেসব সাংবাদিককে হাজির হতে বলা হয়েছে, তাঁরা হলেন: যুগান্তর পত্রিকার বরিশাল প্রতিনিধি এবং আঞ্চলিক সংবাদপত্র বরিশাল প্রতিদিন, আজকের বার্তা, বরিশাল বার্তা, মতবাদ ও সত্যসংবাদ-এর বরিশাল ও বাকেরগঞ্জ প্রতিনিধি।জেলা পুলিশের কার্যালয় সূত্র জানায়, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের স্কুলছাত্রী সেঁজুতির আত্মহত্যার ঘটনা নিয়ে ওই সব পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন ছাপা হয়েছে। আত্মহত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য ওই সব পত্রিকায় প্রকাশিত সংবাদ সূত্র জানতে সাংবাদিকদের হাজির হতে বলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তাঁদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ‘সাক্ষী হাজিরকরণ’ নামের ওই পত্র দেন।এদিকে সাংবাদিকদের তলব করে চিঠি দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল প্রথম আলোকে বলেন, কোনো সংবাদপত্রের প্রতিনিধিদের উপস্থিত করার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই অতিরিক্ত পুলিশ সুপারের নেই। তদন্তের প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারতেন বা সংবাদপত্রের সম্পাদকের মাধ্যমেও হতে পারত। কিন্তু তা না করে তিনি সরাসরি নির্দেশ দেওয়ায় আমরা বিস্মিত। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেঁজুতি আত্মহননের বিষয়ে কোন সাংবাদিক কী জানেন সে বিষয়ে তদন্তের জন্যই তাঁদের ডাকা হয়েছে। ডাকার এখতিয়ার বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, এটি এখতিয়ারের ভেতরেই করা হয়েছে। তবে কোন মামলার জন্য ডাকা হয়েছে, তা উল্লেখ করলে ভালো হতো।পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি আমাকে না জানিয়ে করেছেন। তদন্তের প্রয়োজনে ব্যক্তিগতভাবে ডাকা উচিত ছিল। আনুষ্ঠানিক চিঠি দেওয়া ঠিক হয়নি।’