সাংবাদিক সহায়িকা প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মালিকের উদ্যোগ প্রয়োজন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুস্থ জাতি গড়তে স্বাস্থ্য সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের মতো বিষয়ে সাংবাদিকদের দক্ষতা তৈরি করতে গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাইটিং অ্যাবাউট হেলথ শিরোনামের সাংবাদিক সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউএসএআইডির আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান এমিনেন্স এ সহায়িকা প্রকাশ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বা পরিবেশের মতো বিশেষ বিষয়ে সাংবাদিকতা করার জন্য আলাদা দক্ষতা দরকার। এখন বিশেষায়িত সাংবাদিকতার সময় এসেছে। এ জন্য সাংবাদিকদের প্রশিক্ষণ খুব জরুরি। সে ক্ষেত্রে নতুন এ বইটি বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের এক হাজার ২৮৭টি সংবাদপত্র ও সাময়িকী এবং ৩২টি টিভি চ্যানেলের উচিত নিয়মিত স্বাস্থ্যের ওপর তথ্য প্রকাশ করা।
বিশেষ অতিথি ইউএসএআইডির স্বাস্থ্য কর্মসূচির উপপরিচালক গ্রেগ অ্যাডামস বলেন, দেশের স্বাস্থ্যের উন্নতিতে সাংবাদিক ও গণমাধ্যমের দায়িত্ব অনেক। নবজাতক সেবা, ফিস্টুলা, পানিতে ডুবে শিশুর মৃত্যু, নারীর শরীরের ওপর দীর্ঘস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রভাব—এসব বিষয়ে প্রতিবেদন করার সুযোগ আছে। একাধিক সাংবাদিক বলেন, অতীতের চেয়ে এখন স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন বেশি ছাপা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণও দরকার।