সাংবাদিকদের দাবিতেই সম্প্রচার নীতির প্রণয়ন: প্রধানমন্ত্রী
সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই বহুল আলোচিত জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং এখন তাঁদেরই একটা দল এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিকাশমান সম্প্রচারমাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতি অনুযায়ী পরিচালনার জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে। আর এ নীতিমালার আলোকেই সম্প্রচার কমিশন গঠন করা হবে। খবর বাসস ও ইউএনবির।
গতকাল বুধবার মিরপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (নিমকো) কার্যালয়ে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই) এবং এই ইনস্টিটিউটের প্রথম কোর্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রচার নীতিমালার ওপর ফের গুরুত্বারোপ করে অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, কোনো প্রতিষ্ঠান নীতিমালা ছাড়া সুষ্ঠুভাবে চলতে পারে না। প্রত্যেকেরই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। এটাই বাস্তবতা যে আপনি যেভাবে আপনার অধিকার ভোগ করবেন; সেভাবে অন্যের অধিকারও সংরক্ষণ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, সম্প্রচার নীতিমালা নিয়ে তোলপাড় চলছে। অনেকে এর বিরোধিতা করছেন। কিন্তু পৃথিবীর সব দেশেই সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে এবং এর ভিত্তিতে সব পরিচালিত হচ্ছে। সাংবাদিকেরা দীর্ঘদিন থেকেই জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি অনুযায়ী এ নীতিমালা প্রণয়ন করা হলে একদল এর প্রতিবাদ জানাল এবং এখন এর বিরোধিতা চলছে। তিন সপ্তাহ ধরে এ নীতিমালা ওয়েবসাইটে দিয়ে সবার মতামত নেওয়া হয়েছে।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রাখতে গণমাধ্যমের প্রসার ও স্বাধীনতায় বিশ্বাসী। এ লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন-২০০৯ প্রণয়ন ও তথ্য কমিশন গঠন করা হয়েছে। সংবাদপত্রকেও শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। অষ্টম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন ও এর সুপারিশের আলোকে সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণার পাশাপাশি সংবাদপত্রের বিজ্ঞাপন হারও যৌক্তিক হারে বাড়ানো হয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকার ‘সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা-২০১২’ প্রণয়ন করে প্রতিবছর সাংবাদিকদের সহায়তা দিচ্ছে। তাঁদের কল্যাণে একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ সংসদে পাস হয়ে ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই শিল্পে সুস্থ পরিবেশ সৃষ্টি করা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে বাংলাদেশি চলচ্চিত্র বিশ্বের যেকোনো চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। তিনি বলেন, ‘আমি সিনেমা দেখার তেমন সময় পাই না। কেবল বিদেশে গেলে বিমানে আমি সিনেমা দেখার সময় পাই। ওই সময় আমি বাংলা সিনেমা দেখি এবং বাংলা ছবি দেখে আমি খুবই অভিভূত হই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন তথ্যসচিব মর্তুজা আহমেদ। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন, ইনস্টিটিউটের প্রথম কোর্সের পরিচালক মশিউদ্দিন শাকের প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।