তিন সিটি নির্বাচনে সাংবাদিক হয়রানির রেশ কাটতে না কাটতে তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদের মাগুরা-১ আসনের উপনির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকেরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এই নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গতকাল বৃহস্পতিবার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে। কাল শনিবার এই উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। সরকারি দলের সাংসদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।
কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরাফাত আরার সই করা এই চিঠিতে বলা হয়েছে, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকেরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কোনো একটি কক্ষে একসঙ্গে পাঁচজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। প্রবেশের পর ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না তাঁরা। ভোটকক্ষে ভোট গ্রহণ কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারবেন না। সাংবাদিকেরা কোনো নির্বাচনী উপকরণ স্পর্শ করতে পারবেন না।
কমিশন সচিবালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা অপর এক পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রে কোনো ভোট গ্রহণ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন না।
মাগুরা-১ আসনের উপনির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকেরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশ দিয়ে ইসি গতকাল উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে
এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ ও সরকারি দল-সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা সাংবাদিকদের বেশ কিছু ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, তাঁদের ক্যামেরা ভাঙচুর এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র ছাড়তে বাধ্য করেন। এ ঘটনার এক মাসের মাথায় কমিশন ঘোষণা দিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করল।
কমিশন সচিবালয় সূত্র জানায়, উপনির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, ভোটকক্ষে জায়গার সংকট থাকে। সে ক্ষেত্রে একসঙ্গে অনেক সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করলে ভোট গ্রহণ বিঘ্নিত হতে পারে। তাই একসঙ্গে পাঁচজনের বেশি সাংবাদিককে ভোটকক্ষে প্রবেশের অনুমতি না দেওয়াই ভালো।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশন তো সব সময় পরিচয়পত্র দিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছে। এবারও তাই থাকছে। তবে এবার একসঙ্গে যাতে পাঁচজনের বেশি সাংবাদিক ভোটকেন্দ্রে প্রবেশ না করেন এবং ১০ মিনিটের বেশি যাতে ভোটকক্ষে না থাকেন, সে জন্য প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিতে বলা হয়েছে।
১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি-সমর্থিত প্রার্থীকে ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে জেতানো হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল আওয়ামী লীগ দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংবিধানে সংশোধনী আনা হয়।
জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, কমিশন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করলে ভালো করত। এখন মনে হতে পারে তাদের সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলক। সিদ্ধান্তটি কমিশনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।
বীরেন শিকদারের বিরুদ্ধে নালিশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে নালিশ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের চিঠিতে বলা হয়েছে, বীরেন শিকদার মাগুরা-১ আসনের সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অনুরোধ করেছেন কমিশন সচিবালয়ের সচিব।