সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহবান
‘সাংবাদিকদের মনে রাখতে হবে যে তাঁরা পত্রিকার প্রতিনিধি হওয়ার কারণে লেখার জন্য ক্ষমতায়িত হয়েছেন। তাই বলে তাঁদের ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে যে ক্ষমতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দায়িত্ববোধও অনেক বেড়ে যায়। কাজেই সাংবাদিকদের তাঁদের ক্ষমতার সদ্ব্যবহারের পাশাপাশি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে’—গতকাল বুধবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের উদ্বোধনকালে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এ কথা বলেন। সাংবাদিক সমিতি কার্যালয়ে বিকেল পাঁচটার দিকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও প্রথম আলোর বাকৃবি প্রতিনিধি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পশুপালন অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আলী আকবর, মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল ওহাব, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল করিম, পশুচিকিত্সা অনুষদের ডিন অধ্যাপক মো. মোতাহার হোসেন মণ্ডল, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।