সাংবাদিকদের দুই অংশের পাল্টাপাল্টি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের দুই অংশ গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। তবে এ সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাংবাদিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্বর অসাংবাদিক ও সন্ত্রাসীদের দখলমুক্ত করার দাবিতে আওয়ামীপন্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সমাবেশের আয়োজন করে। কিছুক্ষণ পর বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকেরা পাল্টা সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগপন্থী সাংবাদিক নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা না ওড়ানোয় ক্ষোভ জানান। আজকের মধ্যেই পতাকা না ওড়ালে নিজেরাই পতাকা ওড়ানোর ব্যবস্থা করবেন বলে তাঁরা ঘোষণা দেন। ১৫ দিনের মধ্যে অপেক্ষমাণ তালিকায় থাকা পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ারও দাবি জানানো হয়।
সমাবেশে অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক দল প্রেসক্লাবের অরাজনৈতিক চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রেসক্লাবে ঢোকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এর জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষ দায়ী। ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতা।
অপর অংশের সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী। সব বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, মাহমুদুর রহমানের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, আবদুস শহীদ প্রমুখ।
গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের সমাবেশে হামলা চালান সরকারি দলের কর্মী-সমর্থকেরা। এরপর দুই পক্ষের সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।