সাংবাদিকদের দুটি ইউনিয়ন তথ্যমন্ত্রীর অপসারণ চায়
নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারার পক্ষে অবস্থান নেওয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবি করেছে সরকার-সমর্থক বলে পরিচিত সাংবাদিকদের দুটি সংগঠন।
গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, শোকের মাস উপলক্ষে ১৫ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালন না করে ১৬ আগস্ট থেকে আবার কর্মসূচি শুরু করা হবে। সভাপতির বক্তৃতায় বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, যদি আগামী ১৫ আগস্টের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হয় এবং ৫৭ ধারা বাতিলের ব্যবস্থা না করা হয়, তাহলে তথ্যমন্ত্রীর খবর বর্জন এবং তাঁকে সাংবাদিকদের যেকোনো অনুষ্ঠানে আসতে না দেওয়ার মতো কর্মসূচি নেওয়া হতে পারে।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক প্রমুখ।