ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও তাঁর অনুসারীরা। গতকাল সোমবার সায়াদ হত্যার বিচারের দাবিতে চলা সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের তোপের মুখে পড়েন সাংবাদিকেরা।
সায়াদ হত্যার বিচারের দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের সঞ্চারক ভাস্কর্য বিজয় ’৭১-এর পাদদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা গণজমায়েত ও সমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে যান। সমাবেশের শেষের দিকে আন্দোলনকারীরা আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে দাবি পূরণ না হলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান অন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশের সামনে হাজির হন।
এ সময় সায়াদ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকেরা সঠিক সংবাদ পরিবেশন করেননি অভিযোগ করে মুর্শেদুজ্জামান খান সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।