তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমরা দ্রুত সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড দেব। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আলাপ-আলোচনার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।’তথ্যমন্ত্রী গতকাল শুক্রবার সকালে মাগুরায় স্থানীয় নোমানী ময়দানসংলগ্ন ওয়াপদা মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। মাগুরা জেলা ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা তথ্য অধিকার আইন পাস করেছি। এখন সাংবাদিকেরা স্বাধীন। তবে আপনারা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন, তা হবে না।’মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন, সংসদ সদস্য সিরাজুল আকবর ও শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান। আলোচনা শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তোমাদের মেধা-মনন ও প্রজ্ঞার প্রভায় আলোকিত মাগুরা জেলা।’ অনুষ্ঠানের আয়োজন করে কৃতীদের সম্মানিত করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল।