বদরগঞ্জে উফেসাপের সমাবেশে বক্তারা
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন
রংপুরের বদরগঞ্জে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব-এর প্রতিনিধি হাফিজ বাদশাহ ওসমানির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে উত্তরাঞ্চল থেকে পত্রিকা প্রকাশ বন্ধসহ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে।গত শুক্রবার বিকেলে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ (উফেসাপ) আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে উফেসাপের বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট ও রংপুরের শতাধিক সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।উফেসাপ বদরগঞ্জ শাখার সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মহাসচিব কৃষ্ণ কুমার চাকী, প্রদীপ কুমার গোস্বামী, উফেসাপ, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু আসলাম।অনুষ্ঠানে বক্তব্য দেন হায়দার আলী, ফরহাদ আলম, স্বপন চৌধুরী, কমল কান্তি রায়, সাজু মিয়া, আব্দুর রউফ রুবেল, পবন কুমার মহন্ত, প্রদীপ কুমার মহন্ত, রহিদুল মিয়া, মেজবাউল কবীর, ছাইদুল হক, মাসুদ রানা, বিপ্লব সরকার প্রমুখ। প্রতিবাদ সভায় একাত্মতা ঘোষণা করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম, সাধারণ সম্পাদক ওয়াদুদ আলীসহ অন্যান্য সাংবাদিক ও সুধী সমাজ।প্রসঙ্গত, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা মো. ফেরদৌস বদরগঞ্জ পশুমেলায় চাঁদাবাজির অভিযোগে ওই দুজন সাংবাদিকের নামে গত ২৪ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন।