সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার আহ্বান বিএফইউজের
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক গতকাল রোববার এক বিবৃতিতে সম্প্রতি রংপুরে সাংবাদিক মশিউর রহমানের রহস্যজনক হত্যাকাণ্ড ও ঢাকায় ট্রাকের ধাক্কায় সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা গণমাধ্যম কর্মীদের সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। খবর বাসসের।
বিবৃতিতে বিএফইউজের নেতারা বলেন, ঢাকায় দৈনিক ইনকিলাব ও দৈনিক জনকণ্ঠসহ বহু পত্রিকায় দীর্ঘদিন বেতন-ভাতা প্রদান করা হচ্ছে না এবং বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের নিয়োগপত্র না দিয়ে বিনা বেতনে কাজ করানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যমে বিশৃঙ্খলা আরও বাড়তে থাকবে।
যেসব প্রতিষ্ঠানে বকেয়া রয়েছে তা অবিলম্বে পরিশোধ এবং সব গণমাধ্যম কর্মীকে সর্বশেষ ওয়েজ বোর্ড অনুযায়ী নিয়োগপত্র প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানান আলতাফ মাহমুদ ও ওমর ফারুক।