সাংবাদিকদের নিরাপত্তায় ঘাটতি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণমাধ্যম ও অনলাইনকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষায় ঘাটতি রয়েছে। গত বছর গণমাধ্যম ও অনলাইনকর্মীদের ওপর অন্তত ২৭১টি হামলা হয়। এর মধ্যে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ২৫৮টি ও অনলাইনকর্মীদের ওপর ১৩টি হামলা হয়।
গতকাল শনিবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিক্যাল নাইনটিনের ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্যে পৃথক হামলায় চারজন গণমাধ্যমকর্মী ও অনলাইনের একজন কর্মী নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন অন্তত ৭৮ জন। অপেক্ষাকৃত কম আহত হন অন্তত ৮৯ জন কর্মী। গত বছর অন্তত ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছয়জন ছিলেন অনলাইনকর্মী। তাঁদের বেশির ভাগকেই পুলিশি রিমান্ডে নেওয়া হয়। ১২ জন সাংবাদিককে হয়রানি করা হয়। মানহানির মামলা করা হয় আটজনের বিরুদ্ধে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, অধিকাংশ ক্ষেত্রেই গণমাধ্যমের কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের সময় এসব হামলার শিকার হন। এর মধ্যে নারী সংবাদকর্মীও রয়েছেন। তাঁদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে জোর দিয়ে বলা হয়, গত বছর আইসিটি আইন ২০০৬-এর সংশোধনের ফলে গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অনলাইনে মতামত প্রকাশে কড়াকড়ি আরোপ হয়েছে। আর্টিক্যাল নাইনটিন।