সাংবাদিকদের প্রতি বিষোদগার ওসির পক্ষে সাফাই সাংসদের
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে প্রত্যাহারের দাবির খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের প্রতি বিষোদগার করেছেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন। গতকাল বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি অশ্লীল ভাষা আর কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে এ বিষোদগার করেন। এ ঘটনায় সাংবাদিকেরা বৈঠক করে সাংসদের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ জুলাই উপজেলা পরিষদের মাসিক সভা ছিল। সভায় এক সপ্তাহের ব্যবধানে উপজেলার সাত গ্রামে ১৩ বাড়িতে চুরি-ডাকাতিসহ বিভিন্ন জায়গায় ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ওই দিন আইনশৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা থাকলেও ওসি না থাকায় তা হয়নি। এ নিয়ে সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সভার সদস্যরা ক্ষুব্ধ হন। পরে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ওসিকে প্রত্যাহারের দাবি করেন। পরদিন ১৭ জুলাই প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হয়। সে সময় জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষও ওসির প্রত্যাহারের দাবি জানায়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সাংসদ একাব্বর হোসেন ওসির পক্ষে সাফাই গান। এ ছাড়া তিনি ওসিকে প্রত্যাহারের খবর পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিকদের বিষোদগার করেন। সাংসদ সাংবাদিকদের পেছনে লেগে থেকে বাঁশ দিতে হবে বলে উল্লেখ করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন বলেন, সাংবাদিকদের সম্পর্কে সাংসদের এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।