রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছনার প্রতিবাদে গতকাল রোববার সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা করেছে। ৭১ টিভি কার্যালয়ে সাংবাদিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পত্রিকা দৈনিক দাবানল সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহবুব রহমান, মাহবুবুল ইসলাম, লিয়াকত আলী, আবদুস সাহেদ প্রমুখ।
প্রতিবাদ সভা থেকে আজ সোমবারের মধ্যে ৭১ টিভির সাংবাদিকের ক্যামেরার ডিভাইস, মাইক্রোফোন ফেরত ও সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে কাল মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান বলেন, ‘ক্যামেরার খোয়া যাওয়া কিছু জিনিস গতকাল রোববার সাংবাদিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মীমাংসা হওয়ায় বিষয়টি নিয়ে আর বেশি কিছু মন্তব্য করছি না।’