অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মধ্যস্থতায় হাসপাতাল কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়।রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ওই মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কয়েক দিন ধরে হাসপাতালে সংঘটিত ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন, কলেজ ও হাসপাতালের দুজন ও সাংবাদিকদের দুজন প্রতিনিধি রাখা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৈঠকে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার করা, হাসপাতাল কর্তৃপক্ষের শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ বহন করা, ক্যামেরা ভাঙচুরের জন্য দায়ীদের ক্ষতিপূরণ দেওয়া এবং সাংবাদিক ও হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক প্রমুখ। যোগাযোগ করা হলে সন্ধ্যার পর হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসাও হাসপাতাল বহন করবে। কয়েক দিন ধরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম মাহমুদা আকতারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত বুধবার রাতে হাসপাতালের উপপরিচালক, চিকিৎসক, শিক্ষানবিশ চিকিৎসকসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন দুই সাংবাদিক। এরপর গভীর রাতে হাসপাতালের পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দুটি চুরির মামলা করা হয়। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে বৈঠক করে।শিক্ষানবিশ চিকিৎসকদের মহড়া: গতকাল মেডিকেল কলেজ হাসপাতালে ও মর্গ এলাকায় সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে হাসপাতালের বিভিন্ন ফটকে লাঠিসোঁটা নিয়ে তৎপর ছিলেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা হাসপাতালের বহির্বিভাগের ফটক বন্ধ করে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেন। এ সময় অসুস্থ রোগীরা দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকে।প্রতিবাদ সভা: গতকাল দুপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতারা সভা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের মেডিকেল কলেজ থেকে বহিষ্কার ও ছাত্রত্ব সনদ বাতিল, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং হাসপাতালে সাংবাদিক প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান। সভায় জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিআরইউ, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।