সাংবাদিকদের প্রশিক্ষণ দিল প্রেস কাউন্সিল
বাংলাদেশ প্রেস কাউন্সিল গতকাল শনিবার বগুড়ায় সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।
‘সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, দেশে অনেক নামসর্বস্ব পত্রিকা আছে, যেগুলো চলে না। কিন্তু সাংবাদিক হিসেবে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। এসব নামধারী সাংবাদিকেরা বিভিন্ন জায়গায় প্রভাব খাটান ও হলুদ সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। শুধু রাজধানীতেই সরকারের অনুমোদন নেওয়া ২৯২টি পত্রিকা আছে। তার মধ্যে মাত্র ৬৪টি পত্রিকা নিয়মিত বের হয়।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, প্রত্যেক গণমাধ্যমে কর্মীদের জন্য নিজস্ব নীতিমালা থাকা প্রয়োজন। অথচ শীর্ষস্থানীয় দুই-তিনটি সংবাদমাধ্যম ছাড়া কারও কোনো নিজস্ব নীতিমালা নেই।