সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই: জিএম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথির সঙ্গে অংশগ্রহণকারীরা। ছবি: প্রথম আলো
প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথির সঙ্গে অংশগ্রহণকারীরা। ছবি: প্রথম আলো

সাংবাদিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতি, রাজনীতিবিষয়ক সংবাদকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, এর ফলে দেশের গণমাধ্যমগুলো প্রকৃত অর্থে জনগণের মাধ্যম হয়ে উঠবে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সংবাদকর্মীদের জন্য সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
দেশের সাংবাদিকতার সামগ্রিক মান বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁদের প্রত্যেকেরই সাংবাদিকতা সম্পর্কিত জ্ঞান অর্জন জরুরি। সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই। এতে দেশের সাংবাদিকদের পেশাদারি যেমন বাড়বে, তেমনি সংবাদপত্র শিল্প দেশের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে শিশুসাহিত্যিক ও সংগঠক রফিকুল হক দাদুভাই বলেন, যথাযথ প্রশিক্ষণই একজন সংবাদকর্মীকে যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তোলে। সাংবাদিকেরা মানুষের কাছে দরকারি তথ্য পৌঁছে দেওয়ার কাজটি করেন, তাই সব সাংবাদিকেরই দক্ষ, যোগ্য ও পেশার প্রতি আন্তরিক হওয়া উচিত। গণমাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর সভাপ্রধানের বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তি দেশের সংবাদপত্র শিল্প ও টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। বর্তমানে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা একজন সাংবাদিকের জন্য অপরিহার্য বিষয়। এর পাশাপাশি সংবাদকর্মীকে নিজের গুনগত মান বৃদ্ধিতেও মনোযোগী হতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।

কর্মশালার শেষ দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, পিআইবির পরিচালক (প্রশাসন) মো. মোজিবুর রহমান ও সহযোগী সম্পাদক মোহাম্মদ হান্নান। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।