সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যা ব। গতকাল মঙ্গলবার তাঁকে র্যা বের সদর দপ্তরে ডেকে নেওয়া হয়।র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, আইনিপ্রক্রিয়া অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমানকে ডেকে আনেন। বেলা সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে গত ২১ জুন এটিএন বাংলার কার্যালয়ে এসে মাহফুজুর রহমানের বক্তব্য নিয়েছিল র্যা ব। গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, গত ৩০ মে লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি ‘পরকীয়ার বলি’ বলে মন্তব্য করেন মাহফুজুর রহমান। সাগর-রুনি হত্যাকাণ্ডের কিছু তথ্য-প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এরপর দেশের সাংবাদিক সংগঠনগুলো তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানায়। র্যা বের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদে মাহফুজুরের কাছে লন্ডনে দেওয়া বক্তব্য সম্বন্ধে জানতে চাওয়া হয়। উত্তরে এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের প্রশ্নে ‘উত্তেজিত হয়ে’ তিনি কিছু কথা বলেন। র্যা ব কর্মকর্তা বলেন, মাহফুজুর রহমান নিহত দম্পতিকে কত দিন ধরে চেনেন এবং কখনো তাঁদের বাসায় গিয়েছিলেন কি না, এসব জানতে চাওয়া হয়। জবাবে মাহফুজুর বলেন, পাঁচ-ছয় বছর ধরে পরিচয় থাকলেও তিনি কখনো তাঁদের বাসায় যাননি। হত্যাকাণ্ডের দিন তিনি টাঙ্গাইলে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে র্যা বকে জানিয়েছেন।গত ১১ ফেব্রুয়ারি ভোরে পূর্ব রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে সাগর-রুনি দম্পতির ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ পর্যন্ত এই রহস্যজনক খুনের কিনারা বা তদন্তে লক্ষণীয় অগ্রগতি হয়নি।