সাংবাদিকদের বাসা ঘেরাও করার হুমকি চেয়ারম্যানের
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিকদের বাসা ঘেরাও করার হুমকি দিয়েছেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। গত মঙ্গলবার স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।
গত ২৮ জুলাই প্রথম আলোয় ‘সংরক্ষিত বন “ধ্বংসের” আয়োজন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ ও জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন যৌথভাবে প্রতিবেদনটি করেন। আরও কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়।
এম এ মোঈদ ফারুক গত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। স্থানীয় ‘সিলেট লাইভ টিভিকে’ দেওয়া সাক্ষাৎকারে এম এ মোঈদ বলেন, ‘সরকার যখন সাফারি পার্ক করার জন্য হাজার কোটি টাকা প্রকল্প নিয়েছে, তখন এ ধরনের নিউজ উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই নিউজের নিন্দা জানাচ্ছি। প্রথম আলোর নিউজের বিরুদ্ধে সবাই নিন্দা জানাচ্ছেন। জুড়ীর কোনো সাংবাদিক এই নিউজ করেনি। অথচ সে (সংশ্লিষ্ট প্রতিবেদক) করেছে। এদের দেশদ্রোহী বলে আখ্যায়িত করা যায়। এদের ভেতর দেশপ্রেম নেই। লকডাউন না হলে হাজার হাজার মানুষ এই সাংবাদিকদের বাসা ঘেরাও করত। তবে ইট উইল হ্যাপেন টুডে-টুমোরো (আজ হোক, কাল হোক এটা ঘটবে)।’
‘সিলেট লাইভ টিভির’ প্রতিবেদক স্থানীয় বাসিন্দা জাফর ইমামী বলেন, সাফারি পার্ক নিয়ে তিনি নিউজ করেছেন। উপজেলা চেয়ারম্যানের বক্তব্য একান্ত নিজের।
হুমকি প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক বলেছেন, ‘বাড়ি ঘেরাওয়ের কথা বলিনি। বলেছি, লকডাউন না হলে মানুষ প্রতিবাদ করত। প্রতিবাদ করার রাইট আছে না! মানববন্ধন করবে। মানববন্ধন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ। তাঁর বাসার সামনে প্রতিবাদ করা হবে।’ তিনি দাবি করেন, যেভাবে বলা হয়েছে বনজঙ্গল উজাড় করা হবে। বরং পার্ক হলে বনজঙ্গল আরও রক্ষা করা হবে। এখন তো অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। তখন এই সব সুযোগ থাকবে না। লকডাউন উঠলে এলাকার মানুষ প্রতিবাদ জানাবে।
সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় পরিবেশবিদ ও রাজনৈতিক সংগঠনের নেতারা নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিল এক যৌথ বিবৃতিতে সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের প্রতিবাদ এবং এ নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর দুই সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের বিভাগীয় কমিটির সমন্বয়ক আবদুল করিম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যখন প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করছেন, তখন তাঁদের টুঁটি চেপে ধরা হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। রাষ্ট্রকে তাঁদের নিরাপত্তা দিতে হবে। গণমাধ্যমকর্মীদের হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ মুঠোফোনে বলেন, ‘সাফারি পার্ক নিয়ে উপজেলা চেয়ারম্যানের কোনো মতামত থাকলে তা সাংবাদিকদের কাছে তুলে ধরতে পারতেন। কিন্তু সাংবাদিকদের হুমকি দেওয়া সমীচীন হয়নি। এটা নিন্দনীয়।’
গণমাধ্যমকর্মীদের এভাবে হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছেন ‘বাংলাদেশ আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের’ সিলেট বিভাগের সমন্বয়ক জোসেফ গমেজ।
খবরের একাংশের প্রতিবাদ
এদিকে সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণ নিয়ে করা ওই সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন সাবেক বন সংরক্ষক তপন কুমার দে। তিনি ২০০৪ সালে বঙ্গবন্ধু সাফারি পার্ক-কক্সবাজার ও ২০১৩ সালে বঙ্গবন্ধু সাফারি পার্ক-গাজীপুর নির্মাণের মাধ্যমে ওই দুই এলাকার বনভূমিকে জবরদখল থেকে রক্ষা করেছেন। ২০১২ সালের ১২ জুন কোনো বাঘের বাচ্চা চুরির সঙ্গে তিনি জড়িত ছিলেন না। এ ব্যাপারে কোনো মামলা হয়নি, তিনি আদালতে যাননি। ২০০৮ সালে প্রধান বন সংরক্ষকের দুর্নীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না।
প্রতিবেদকের বক্তব্য: ২০১২ সালে শ্যামলীর একটি বাসা থেকে বাঘের তিনটি বাচ্চা উদ্ধারের সময় চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে জাকির হোসেন নামে একজন গ্রেপ্তার হন। ওই আসামি ভ্রাম্যমাণ আদালত ও গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে তপন কুমার দের নির্দেশে বাঘের বাচ্চাগুলো আনা হয়েছিল বলে বক্তব্য দেন। প্রতিবেদনে ওই তথ্য তুলে ধরা হয়েছে।