সাংবাদিকদের বিদেশ ভ্রমণে নজরদারির নির্দেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ সফরের সময় সাংবাদিকদের নজরদারি করতে বাংলাদেশের মিশনগুলোতে দেওয়া নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে। সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নির্দেশনাটি জারির ৪৮ ঘণ্টার মধ্যে গত শুক্রবার তা প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার এই প্রতিবেদককে বলেন, যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্দেশনাটা জারি না হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।
বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকেরা দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছেন কি না, তা নজরদারির জন্য গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের মিশনগুলোকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের সুপারিশ অনুযায়ী ওই নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই নির্দেশনা জারির পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি সার্কুলার দেখিনি। দেখব এটা। জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যারাই বিদেশে যাচ্ছে, তাদের সবার ওপরে নজর রাখা আমাদের কর্তব্য, সরকারের কর্তব্য। এর মানে এই নয় যে সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অবশ্যই না। এ রকম স্বাধীন গণমাধ্যম পৃথিবীর কম দেশে আছে। এখানে যা খুশি তাই লেখা হচ্ছে। বিদেশে গেলে কী করছে সেটি দেখা উচিত। যদি স্বার্থবিরোধী কিছু করে তবে সেটাতে (দেখার ব্যাপারে) আপনাদেরও সমর্থন থাকা উচিত।’
নজরদারির সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানালে মাহমুদ আলী আরও বলেছিলেন, ‘এটা তো নির্দেশ দেওয়ার কিছু নাই। আমরা বিদেশি সাংবাদিকদের দাওয়াত দিচ্ছি। সবাই সব জায়গায় যাচ্ছে। কোনো বিধিনিষেধ আছে বলে আমার জানা নাই। আপনারাও বিদেশে যাচ্ছেন, কোনো বাধা দেওয়া হচ্ছে না। কাউকে বাধা দেওয়া হলে আমাকে জানাবেন, আমি জানতে চাই।’
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বিএফইউজের একাংশ ওই নির্দেশনা জারির প্রতিবাদ জানিয়েছিল।