নীলফামারীর ডোমারের দুই সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার কলমবিরতি কর্মসূচি পালন করেছেন ওই উপজেলার সাংবাদিকেরা।
গতকাল বেলা ১১টার দিকে ডোমার বাজার রেলঘুমটি মোড়ে ডোমার উপজেলার সাংবাদিকবৃন্দের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহার ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণের দাবি করা হয়।
কলমবিরতি কর্মসূচি পালন শেষে ডোমার প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ায় পুলিশ ক্ষুব্ধ হয়ে দৈনিক ইত্তেফাক-এর ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং রাইজিং বিডি অনলাইন পোর্টালের প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে গত বছরের সংসদ নির্বাচনে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়। ওই ঘটনার সঙ্গে ওই দুই সাংবাদিকের কোনো সংশ্লিষ্টতা নেই।