জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমির দলিল সম্পাদন নিয়ে খবর প্রকাশ করায় দলিল লেখকেরা প্রথম আলোর মাদারগঞ্জ প্রতিনিধিসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।গতকাল মঙ্গলবার জামালপুর বিচারিক হাকিম আদালতে (খ অঞ্চল) চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাদী হয়ে ওই মামলা করেন। আদালতের হাকিম মো. আলমগীর হোসেন অভিযোগ গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রারের যোগসাজশে স্থানীয় দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে দলিল সম্পাদনের পর দাগ নম্বর জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি, ভুয়া পরচা তৈরি, প্রকৃত দলিল ঘষামাজা করে জমি রেজিস্ট্রির নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণেরও বেশি ফি নেওয়া, জালিয়াতির মাধ্যমে একজনের জমি অন্যজনকে লিখে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন বলে অভিযোগ ওঠে।