সাংবাদিকদের বিরুদ্ধে নাশকতার মামলা দিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নাশকতার বিভিন্ন মামলায় সাংবাদিকদের জড়াচ্ছে পুলিশ। চলমান অবরোধ কর্মসূচির মধ্যে এই জেলায় কর্মরত প্রথম আলোর আলোকচিত্রীসহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে এমন মামলা দেওয়া হয়েছে। একজনকে জড়ানো হয়েছে বাস পোড়ানোর মামলায় এবং অপর দুজনকে ককটেল বিস্ফোরণের মামলায়।
গত ৭ ফেব্রুয়ারি রাতে রাজশাহী নগরের সাহেব বাজার মনিচত্বর এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরের দিন বোয়ালিয়া থানার এসআই মাহামুদুল হাসান ২০ জনকে আসামি করে একটি মামলা করেন।
গতকাল বুধবার মামলার এজাহার তুলে দেখা যায়, মামলায় ১৭ নম্বর আসামি করা হয়েছে শহীদুল ইসলাম দুখু নামের একজনকে। তাঁর বাবার নাম ‘অজ্ঞাত’ লেখা হয়েছে। বাড়ির ঠিকানা উল্লেখ করা হয় নগরের শিরোইল কাঁচাবাজারের পাশে। খোঁজ নিয়ে জানা গেছে, বাবার নাম উল্লেখ না করলেও শহীদুল ইসলাম দুখু নামে প্রথম আলোর আলোকচিত্রী ছাড়া ওই এলাকায় আর কেউ নেই।
তবে বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বলেছেন, শহীদুলের বাবার নাম উল্লেখ করা হয়নি। তিনি প্রথম আলোর সাংবাদিক তা-ও বলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত না থাকলে এটা নিয়ে আপনাদের ‘টেনশন’ নেই।
শহীদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি কোনো ছবিও তোলেননি। এ বিষয়ে প্রথম আলোতে কোনো ছবিও ছাপা হয়নি।
একই মামলার ১৬ নম্বর আসামি মো. রায়হান। বাবার নাম ‘অজ্ঞাত’ লেখা হয়েছে। ঠিকানা লেখা হয় রাজপাড়ার ডিঙ্গাডোবা পাঠানমোড়। মঙ্গলবার পুলিশ চ্যানেল টোয়েন্টিফোরের এই ক্যামেরা পারসনের বাড়িতে তদন্ত করতে যায়। পুলিশের দাবি, রায়হান জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
মামলায় রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন এবং সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকেও আসামি করা হয়েছে।
১ মার্চ রাজশাহী নগরের শিরোইল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হানিফ এন্টারপ্রাইজের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরের দিন বোয়ালিয়া মডেল থানার এসআই শরিফুল ইসলাম ২০ জনকে আসামি করে দুটি মামলা করেন। আসামিদের মধ্যে দৈনিক যুগান্তর-এর রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফার নাম রয়েছে।
জানা গেছে, বাস পোড়ানোর ঘটনায় হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মনজুর রহমান ঘটনার দিনই বোয়ালিয়া থানায় এজাহার দেন। কিন্তু পুলিশ এজাহারটি ফেরত দিয়ে নিজেই বাদী হয়ে মামলা করে।’