সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি
তিন সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতাসীনদের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক’দের ব্যানারে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ১৭ এপ্রিল ‘আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে গত রোববার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তাঁরা হলেন কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিব ও রাজশাহী ব্যুরোপ্রধান রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এ সাঈদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম রাহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ গোলাম রব্বানী প্রমুখ।