সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় পুলিশকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দৈনিক প্রথম আলোর আলোকচিত্রীসহ সাংবাদিকদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়ার ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন কারণ দর্শানোর এ নোটিশ দেন।

পুলিশের ওই কর্মকর্তারা হলেন, নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, উপপরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান ও শরিফুল ইসলাম। শেষের দুজন গত এক মাসে সাংবাদিকদের বিরুদ্ধে নয়টি নাশকতার মামলা করেন। এসব মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়।

এদের মধ্যে এসআই মাহামুদুল হাসান গত ফেব্রুয়ারিতে প্রথম আলোর আলোকচিত্রী শহীদুল ইসলাম দুখু ও চ্যানেল টোয়েন্টিফোরের চিত্রগ্রাহক রায়হানুল ইসলামের বিরুদ্ধে তিনটি করে মামলা দায়ের করেন। এসআই শরিফুল ইসলাম দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর প্রধান আনু মোস্তফার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।

এ নিয়ে গত ২০ মার্চ রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকদের একটি মত বিনিময় সভা হয়। এতে রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

এরপর আজ ওই তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী এ ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন। ইতিমধ্যে তাঁদের কাছে নোটিশ পৌঁছে গেছে বলেও জানান তিনি।

নোটিশের ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমার উধ্বর্তন কর্মকর্তা আমার অভিভাবক। তাঁদের কাছে জানতে চান। তাঁরা বলতে পারবেন। আমার কাছে জানতে চাওয়া সঠিক নয়। এটি অফিশিয়াল সিক্রেট।’