সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশে বাধা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের কয়েকটি কেন্দ্রের ভোটকক্ষে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকাশ্যে ভোট দিয়েছেন।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে চারজন প্রার্থী ছিলেন। জেলায় ভোটার ছিলেন ১ হাজার ৩৫৩।
গতকাল সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগে সাবেক সহসভাপতি শফিকুল আলম বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল সকাল ৯টা ৫ মিনিটে ভোট দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ভোটকেন্দ্রে তাঁকে মুঠোফোনে কথা বলতেও দেখা গেছে। পরে ভোটকেন্দ্রের সামনে জাহাঙ্গীর আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারায় তিনি আনন্দিত। ‘প্রকাশ্যে’ ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নেত্রী আমাদের মনোনয়ন দিয়েছেন। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমার ভোট আমি দিতেই পারি। আর কেন্দ্রে ফোন নিয়ে গেলেও সেটি বন্ধ ছিল।’
সকাল পৌনে ১০টায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পুরুষদের ভোটকক্ষে প্রবেশ করতে গেলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের মুঠোফোন নিয়ে যেতে এবং ছবি তুলতে নিষেধ করেন। একই কেন্দ্রে অন্য টিভির সাংবাদিকদেরও ভিডিও চিত্র ধারণ করতে বাধা দেওয়া হয়।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল খালেক বলেন, গোপন কক্ষ ছাড়া সাংবাদিকদের ভোটকক্ষে ঢোকার কোনো বাধানিষেধ নেই।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গেলে বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্বে থাকা উপজেলার সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভোটকক্ষে প্রবেশ ও ভিডিও ফুটেজ নিতে বাধা দেন সাংবাদিকদের। এ ছাড়া কাউন্সিলর প্রার্থী মো. নাছির উদ্দিনকে নিয়েও তাঁকে বিভিন্ন ভোটকক্ষে যেতে দেখা গেছে।
আলমগীর হোসেন বলেন, ‘ওপরের নির্দেশ দেওয়া আছে। ভোটকক্ষের ছবি নেওয়া যাবে না। সাংবাদিকেরা বাইরে থাকবেন।’
বেলা সাড়ে ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রে কিছুক্ষণ দাঁড়িয়ে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে ভোটারদের গোপন কক্ষে পাঠান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। প্রিসাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রকাশ্যে কেউ ভোট দেননি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, কেন্দ্রে প্রকাশ্যে ভোট না দিতে ভোটারদের সতর্ক করা হয়েছে। মুঠোফোন নিয়ে যাওয়ার বিষয়েও নিষেধ করা হয়েছে।