সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি
দুই সাংবাদিককে লাঞ্ছিত করার বিচার ও চার সংবাদকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় গতকাল মঙ্গলবার এক মানববন্ধনে জেলা প্রেসক্লাবের ব্যানারে ওই দাবি করা হয়।
মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল রহমান, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান, বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, সাংবাদিক খাদেমুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আবদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে আকচা ইউনিয়নের শুকানীপাড়া ও মণ্ডলপাড়া গ্রামের ৯৮টি পরিবারের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা আদায় করেন সুব্রত কুমার। এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়। এরপর সুব্রত কুমার বর্মন অভিযোগকারীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। বিষযটি জানার পর ৪ ফেব্রুয়ারি দুপুরে পার্থ সারথী মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলামকে সঙ্গে নিয়ে সুব্রত কুমারের সাক্ষাৎকার নিতে ইউপি ভবনে যান। সাক্ষাৎকারের একপর্যায়ে সুব্রত কুমার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি ওই দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করেন। সে সময় সুব্রত ঘরের মেঝেতে ক্যামেরা ও ক্যামেরার স্ট্যান্ড ছুড়ে ফেলেন। এ ঘটনার পর তাঁদের চেয়ারম্যানের কক্ষে আটকে রাখেন তিনি। সেখানে ঘণ্টাখানেক আটক থাকার পর পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি দুপুরে যমুনা টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি পার্থ সারথী দাস বাদী হয়ে সুব্রত কুমার ও তাঁর খালাতো ভাই শম্ভু বর্মনের নামে থানায় মামলা করেন। ওই মামলার পর পার্থ সারথী, স্থানীয় সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস ও সহসম্পাদক ফরিদুল ইসলামের নামে পাল্টা মামলা করেন সুব্রত।
সুব্রত দাবি করেন, পার্থ সারথীসহ কয়েকজন সাংবাদিক ইউপি ভবনে এসে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের কোনো প্রকার লাঞ্ছিত করা হয়নি।