সাংবাদিকদের সঙ্গে খালিদ মাহমুদ চৌধুরীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী মতবিনিময় সভা করেছেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
সভায় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর সামরিক জান্তার পৃষ্ঠপোষকতায় রাজনীতির নামে দেশে একটি লুটেরা শ্রেণি সৃষ্টি হয়েছিল। চাইলেও রাতারাতি সেই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ দমনে দৃঢ়প্রতিজ্ঞ।
তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-২ আসনের বিরল স্থলবন্দর চালু হওয়া প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে পার্বতীপুর থেকে দিনাজপুর হয়ে পঞ্চগড় ও বিরল উপজেলার রাধিকাপুর সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালের মধ্যে বিরল স্থলবন্দর চালু করা হবে।
জঙ্গিবাদ প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিবাদ প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিকড় থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করে চলেছেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, আলাউদ্দিন, শরীফুল আহসান, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম, হাসনে ইমাম, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সম্পাদক গোলাম নবী প্রমুখ।