সাংবাদিকদের সঙ্গে বিএনপির মেয়র প্রার্থীর মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শহরের মিশন মোড়ের নির্বাচনী কার্যালয়ে গতকাল রোববার রাতে এ মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক ও বিএনপির নেতা সাজু পাটোয়ারী প্রমুখ।
বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম বলেন, ‘লালমনিরহাট পৌরসভা নির্বাচনের প্রচারকাজ চালাতে গিয়ে শহরের নয়ার হাট, বানভাসা এবং সাধুটারীসহ বিভিন্ন এলাকায় প্রতিপক্ষ আওয়ামী লীগ মেয়র প্রার্থীর কর্মী ও সর্মথকদের দ্বারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। আমাদের প্রচারকর্মী রফিকুল ইসলামকে শহরের জনতা মোড় এলাকায় প্রতিপক্ষের লোকেরা মারধর করেছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা পাল্টা আঘাত বা হামলা করিনি। ভোটাররা এসব অনৈতিক অপরাধমূলক কাজের জবাব শান্তিপূর্ণ ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে। তাঁরা আমাকে বিজয়ী করে এর জবাব দেবে ইনশা আল্লাহ।’
বিএনপির মেয়র প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, যদি শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে স্বচ্ছ পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
পরে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কোনো কর্মী বা সমর্থক বিএনপির বা অন্য কোনো মেয়র প্রার্থীর কোনো প্রচারকাজে বাধার সৃষ্টি করেনি।’ তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ভোটদানের মাধ্যমে আমাকে ভোটাররা আগামী ৩০ ডিসেম্বর বিজয়ী করবে ইনশা আল্লাহ্।’