সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ৪ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা।
গতকাল সোমবার সকালে ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাংবাদিক মো. মোস্তফা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এ বি এম নিজাম উদ্দিন, মো. শেখ কামাল, আবুল হাসান, শাহ আলম। বিজিবির পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মো. মামুন সভায় উপস্থিত ছিলেন।
সভায় লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, সীমান্ত অপরাধের অন্যতম কারণ চোরাচালান। রাতে চোরাচালানিরা যাতে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া না করতে পারে, সে জন্য পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় সীমান্ত এলাকায় সোলার লাইট স্থাপন করা হবে। তিনি বলেন, মাদক নির্মূল করতে যা যা করা দরকার, বিজিবি সদস্যরা তা করতে প্রস্তুত।