সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের শুরুতে আপনাদের সঙ্গে একান্তে বসেছিলাম। সরকারের পাঁচ বছর পূর্তি সামনে। শিক্ষাক্ষেত্রে কী কী করা হলো, কী বাকি থাকল আর সমস্যা কী—সব শোনার জন্যই আবার একান্তে বসা।’
সিলেট সার্কিট হাউসে গত বুধবার রাত পৌনে আটটা থেকে নয়টা পর্যন্ত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এভাবে খোলামেলা কথা বলেন।
সিলেট ব্রিটিশ আমল থেকে বঞ্চিত উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সিলেটকে শিক্ষাক্ষেত্রে আমরা সমতায় নিয়ে এসেছি। উচ্চবিদ্যালয়, কলেজ ও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে সিলেট বিভাগে উচ্চবিদ্যালয়ের সংখ্যা ছিল ৭২৪টি। বর্তমান সরকারের আমলে নতুন করে স্থাপিত হয়েছে ১৬৪টি। ওই সময়ে সিলেট বিভাগে কলেজের সংখ্যা ছিল ১৩০। নতুন স্থাপিত হয়েছে ১০৬টি।’ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যাও।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গুরুত্ব বিবেচনায় একজন যোগ্য ও দক্ষ ব্যক্তি খোঁজা হচ্ছিল। এ তালিকায় শিক্ষাবিদ অনেকেরই নাম ছিল। কিন্তু যোগাযোগ করলে তাঁরা রাজি না হওয়ায় উপাচার্য নিয়োগে বিলম্বিত হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে একজন যোগ্য উপাচার্য নিয়োগ করা হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিনিধি বহিষ্কারসহ সাংবাদিক-শিক্ষার্থীদের হয়রানি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী-সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে, এটি নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বন্ধ করে সাংবাদিকদের হয়রানির বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।’
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে গত বছরের ৮ জুলাই ঐতিহ্যবাহী ছাত্রাবাস পোড়ানোর ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় আমি নিজেও ব্যথিত ছিলাম। পরিদর্শনে গিয়ে আবেগ সামলাতে পারিনি। আমি সিলেটবাসীকে কথা দিয়েছিলাম যে পোড়া ছাত্রাবাস আগের আদলে নির্মিত করে দেওয়া হবে। সেই অনুযায়ী এমসি কলেজ ছাত্রাবাসসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে ১৩ কোটি টাকার কাজ করা হচ্ছে। সেখানে পরীক্ষার হল নির্মাণের পাশাপাশি আগের আর্টস বিল্ডিংও নতুন করে সংস্কার হচ্ছে। পুড়িয়ে ফেলা এমসি কলেজ ছাত্রাবাসও আগের আদলে নির্মাণ করা হচ্ছে।’