সাংবাদিকদের সহযোগিতা কামনা ভূরিভোজের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে সাসকো শিল্প পার্ক নির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কৃত নেতা শেখ আতিয়ার রহমান ওরফে দীপু। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।
এখানে সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একটি লিখিত বক্তব্য দেন তিনি। পরে দুপুরে সাংবাদিকদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কৃত আতিয়ার রহমান বলেন, গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরের তালবাড়িতে সাসকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করা হচ্ছে। এর বৈধতা, প্রয়োজনীয়তা ও সুদূরপ্রসারী অর্থনৈতিক সুফল বিবেচনায় না এনে কতিপয় কুচক্রী মহল বিরোধিতা করছে। তিনি বলেন, কৌশলে একের পর এক কৃষিজমি দখলের যে অভিযোগ এসেছে, তা অসত্য। তিনি দাবি করেন, আট হাজার লোকের কর্মসংস্থানের জন্য এক ফসলি নিচু ও অল্প বসতিপূর্ণ জমিতে এ পার্ক নির্মাণ করা হচ্ছে। তিন শ পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছে বলে যে কথা বলা হচ্ছে, তা সত্য নয়। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার অভিযোগও ঠিক নয় বলে তিনি দাবি করেন।
আতিয়ারের এ বক্তব্য নাকচ করে দিয়ে জলিলপাড় ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি রুহিদাস হালদার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নয় মাস ধরে কথিত এ শিল্প পার্কের নির্মাণকাজ চলছে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তালবাড়ী এলাকায়। সাসকো গ্রুপ সেখানে কৌশলে জমি দখল, নদী থেকে বালু উত্তোলন, সরকারি গাছ কাটা, ভূমিহীনদের উচ্ছেদসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ব্যাপারে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আতিয়ারের বিরুদ্ধে সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য তিনি নিজের কুকর্ম ঢাকতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার করেছেন।
এদিকে ফসলি জমি দখল, বালু ভরাট, নদীভাঙন, জীবননাশের হুমকি ও কৃষিজমিতে সাসকো শিল্প পার্ক নির্মাণ বন্ধের দাবিতে আগামীকাল শনিবার দুপুরে মুকসুদপুরের বানিয়ারচর বাসস্ট্যান্ডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। জনতা ঐক্য পরিষদের ব্যানারে আহ্বান করা এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার। সভাপতিত্ব করবেন ঐক্য পরিষদের উপদেষ্টা জয়দেব মণ্ডল।
১০ আগস্ট প্রথম আলোর শেষের পাতায় ‘গোপালগঞ্জে ফসলি জমিতে যুবলীগ নেতার শিল্প পার্ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
যুবলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি প্রাথমিক অনুসন্ধানে সত্য বলে প্রতীয়মান হয়েছে। তাই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেখ আতিয়ার রহমানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।