সাংবাদিকদের সৎ বিনয়ী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সৎ ও বিনয়ী হতে হবে। গণমাধ্যমকে হতে হবে দলনিরপেক্ষ; পেশাদারিত্ব বজায় রাখতে হবে।গতকাল রোববার রাজধানীর ছায়ানট মিলনায়তনে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর আয়োজিত এক আলোচনায় দেশের জ্যেষ্ঠ সম্পাদক ও গণমাধ্যমের ব্যক্তিরা এ পরামর্শ দিয়েছেন।টিভি চ্যানেলটির কর্মীদের প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে ‘সংবাদমাধ্যমের আজ ও আগামী’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।আলোচনার শুরুতে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘সম্পাদককে অবশ্যই গণমাধ্যম নামক জাহাজের ক্যাপ্টেন হতে হবে। আর সাংবাদিকদের “অল্প জেনেই, আমরা সব জেনে গেছি”—এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।’কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আজ গণমাধ্যমের উচিত, কেন দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রম বন্ধ রয়েছে, উন্নয়ন কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেই প্রশ্ন করা।’প্রকাশিতব্য দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান সাংবাদিকতা পেশার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, ‘ডাকাতের হাতে ছুরি গেলে সে মানুষ খুন করে। আর ডাক্তারের হাতে গেলে তা মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যবহূত হয়। তাই সাংবাদিকদের সৎ হতে হবে।’প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন দেখালে মানুষ তা পছন্দ করে না। অনেক বড় কাগজের এভাবে পতন হয়েছে।’প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘নিরপেক্ষতার চেয়ে বস্তুনিষ্ঠতা জরুরি। আগে মানুষ বিদেশি গণমাধ্যমের ওপর নির্ভর করত। এখন দেশি গণমাধ্যম বিশ্বাসযোগ্য সংবাদ দিচ্ছে।’আলোচনা শেষে একাত্তরের প্রধান নির্বাহী সামিয়া জামানের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মূল আলোচনা পর্বের আগে তথ্যসচিব হেদায়েতুল্লাহ-আল-মামুন বক্তব্য দেন। সামিয়া রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন একাত্তর চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক মোজাম্মেল বাবু, বার্তা সম্পাদক ইশতিয়াক রেজা, পরামর্শক রিচার্ড গসলান ও বব পাওয়েল।