বরেণ্য সাংবাদিক প্রয়াত এবিএম মূসা সাংবাদিক হিসেবে, শিক্ষক হিসেবে, নেতা হিসেবে চিরকাল সাংবাদিকদের হৃদয়ে বেঁচে থাকবেন। গতকাল বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত স্মরণসভায় আলোচকেরা এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ, দুর্নীতি ও দলবাজি—এই তিনটি প্রশ্নে গণমাধ্যমের কেউ সরব, কেউ নীরব। যাঁরা নীরবতা পালন করেন, তাঁরা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে এবিএম মূসাকে শ্রদ্ধা জানানো যায়।
প্রবীণ সাংবাদিক কামাল লোহানী এবিএম মূসাকে শ্রদ্ধা জানাতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বঞ্চিত মানুষের অধিকার আদায়ের ব্যবস্থা করতেন মূসা ভাই। তাই তাঁকে স্মরণ করতে হলে ঐক্য ছাড়া, সাহসী হওয়া ছাড়া পথ নেই।’
নিষেধাজ্ঞার মধ্যে কীভাবে সাংবাদিকতা করতে হয়, েসটি এবিএম মূসার মতো সাংবাদিকেরা শিখিয়ে গেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘আজকে আমরা অনেক স্বাধীনতা ভোগ করছি। আবার এর অপব্যবহারও করছি। এবিএম মূসারা সেই স্বাধীনতা পাননি কিন্তু তাঁরা দায়িত্ব পালন করে গেছেন। নিষিদ্ধ অবস্থায় সাংবাদিকতার কৌশলগুলো তিনি বের করতে পারতেন।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, তিনি ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক। তিনি গল্পচ্ছলেও যা বলেছেন তা সাংবাদিকদের জন্য শিক্ষণীয়।
পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে সভার প্রায় সব বক্তাই বিভিন্ন সময় এবিএম মূসার সঙ্গে তাঁদের কাজের অভিজ্ঞতার স্মৃতিচারণা করেন।
এবিএম মূসার বড় মেয়ে পারভীন সুলতানা বলেন, তাঁরা কখনো বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারেননি। অফিস থেকে অনেক রাত করে ফিরলেও সময় বের করে সন্তানদের নিয়ে বেড়াতে বেরোতেন।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর৷