সাংবাদিকদের 'খবিশ' বলে ফের আলোচনায় সমাজকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে তোপের মুখে পড়লেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আজ শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের ঢালাওভাবে ভর্ত্সনা করেন মন্ত্রী।

‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলার পর মন্ত্রী অশ্লীল অঙ্গভঙ্গি করলে উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠান বয়কট করেন। এ সময় মিলনায়তনে হট্টগোল শুরু হয়।
কিছুদিন আগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ধূমপান এবং টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের বিরোধিতাকারীদের নিয়ে কটূক্তি করেও সমালোচনার মুখে পড়েন মন্ত্রী।
সিলেট বিভাগীয় আদিবাসী উদযাপন কমিটি আয়োজিত আদিবাসী দিবসের আলোচনা সভা শুরু হয় বিকেলে। অনুষ্ঠানে সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথি ছিলেন। বিশেষ অতিথিদের বক্তব্য শেষে সন্ধ্যা ছয়টার দিকে সমাজকল্যাণমন্ত্রী বক্তব্য শুরু করেন। অনুষ্ঠান আদিবাসী দিবস নিয়ে হলেও পুরো ৪০ মিনিটের বক্তব্যে মন্ত্রী ঘুরেফিরে সাংবাদিকদের সমালোচনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আহ্বান করার পর মন্ত্রী মাইক্রোফোনের সামনে এসে সাংবাদিকদের ‘সর সর ...’ বলে সামনে থেকে সরে যেতে বলেন। ‘তোমাদের মুখ দেখতে আসি নাই...’ বলে সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে থেকে ক্যামেরা নিয়ে চলে যেতে বলেন মন্ত্রী।
সাংবাদিকেরা ‘যা ইচ্ছে তা-ই লেখে’ দাবি করে তিনি বলেন, ‘এরা কেউ জার্নালিজম পড়ে সাংবাদিক হয়নি। একমাত্র আমার মেয়ে জার্নালিজমে এমএ করেছে। আর এরা কলেজে ঘোরাঘুরি করে সাংবাদিক বনে গেছে।’
‘যতদিন দুনিয়া থাকবে, ততদিন ফজরের নামাজের পর মসজিদে কোরআন শরিফ পাঠ হবে। মাদ্রাসা শিক্ষায় আরবির পাশাপাশি বাংলা-ইংরেজি শিক্ষা না দিলে তারা পিছিয়ে পড়বে।’ একটি অনুষ্ঠানে তিনি এ রকম কথা বলেছিলেন দাবি করে সৈয়দ মহসিন আলী বলেন, ‘কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে।’

নেত্রী বলেছেন, যা ইচ্ছে লিখুক, তুমি চালিয়ে যাও
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন, হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না। তুমি চালিয়ে যাও।’
মন্ত্রী বক্তৃতার একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে ভর্ত্সনা করেন। তিনি বলেন, ‘এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব—তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পার!’
‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে মন্তব্যের পর মিলনায়তনে উপস্থিত সাংবাদিকেরা প্রতিক্রিয়া দেখান। সাংবাদিক গ্যালারিতে থাকা সব সাংবাদিক নীরবে বের হয়ে যাওয়ার সময়ও তিনি খবিশ ও চরিত্রহীন বলে গালি দেন। একপর্যায়ে সাংবাদিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে মন্ত্রী বক্তৃতা বন্ধ করে চুপ ছিলেন। মিলনায়তনজুড়ে হট্টগোল সৃষ্টি হলে মঞ্চে বসা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আদিবাসী নেতারা সাংবাদিকদের মিলনায়তন থেকে নীরবে বের হয়ে যেতে সহায়তা করেন।

সাংবাদিকদের চরিত্র জানা আছে
সাংবাদিকেরা মিলনায়তন থেকে যাওয়ার সময় পাঁচ মিনিট বিরতি দিয়ে মন্ত্রী ফের সাংবাদিকদের ভর্ত্সনা করেন। তিনি বলেন, ‘আমি যুদ্ধ করেছি, তাই তোমাদের (সাংবাদিক) বিরুদ্ধে বলার সাহস আছে। তোমাদের কার কী চরিত্র, আমার জানা আছে। ডিএসবি দিয়ে চারিত্রিক ডাটা বের করতে সময় লাগবে না।’ এ কথা বলে মন্ত্রী বক্তৃতা শেষ করেন। পরে পুলিশ পাহারায় গাড়ি দিয়ে সার্কিট হাউসে চলে যান।

সাংবাদিকদের বিক্ষোভ
অনুষ্ঠান কাভার করতে যাওয়া সাংবাদিকেরা এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ করে পরে মিলনায়তন এলাকা ছেড়ে চলে যান। মন্ত্রীর বক্তৃতায় বিপাকে পড়েন আদিবাসী নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আদিবাসী নেতা বলেন, ‘আমরা তো সাংবাদিকদের দাওয়াত করে এনেছিলাম। অনেক সাংবাদিক আমাদের ফোন করে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা সাংবাদিকদের আসলে বলার মতো কিছুই পাইনি। মন্ত্রী যদি সরাসরি এ ব্যাপারে উদ্যোগী হন, তাহলে আদিবাসীদের জন্য মঙ্গল।’

সমাজকল্যাণমন্ত্রী যখন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, পেছনে অনেকটা বিব্রত ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন মন্ত্রীর এপিএস সাইফুল ইসলাম খান। অনুষ্ঠান শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর বক্তৃতাকে বিকৃত করে ইতিপূর্বে কয়েকটি পত্রিকা রিপোর্ট করায় মন্ত্রী ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকদের সামনে দেখে সেই ক্ষোভে মন্ত্রী কিছু কথা বলে ফেলেছেন। বিষয়টি আসলেই দুঃখজনক!’