সাংবাদিকদের 'হত্যার হুমকি'র প্রতিবাদ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকেরা গতকাল রোববার মানববন্ধন করেছেন। তাঁরা অভিযোগ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছেন।
সম্প্রতি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা গত শনিবার তদন্ত করতে গফরগাঁও আসেন। গতকাল গফরগাঁও প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, ওই তদন্তের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিকেরা। সেখানে শিক্ষা কর্মকর্তার ভাড়াটে সন্ত্রাসীরা সাংবাদিকদের গালাগাল করে। তাঁদের হত্যারও হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে আনোয়ারুল ইসলাম বলেন, কয়েকজন সাংবাদিক কিছু শিক্ষকের উদ্দেশ্য বাস্তবায়ন করতে সংবাদমাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন ও মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছেন।