সাংবাদিকসহ আটক রাজনীতিকদের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন l ছবি: প্রথম আলো
সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন l ছবি: প্রথম আলো

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সাবেক ছাত্রনেতা শহীদউদ্দীন চৌধুরীসহ বিভিন্ন মামলায় আটক রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক নেতারা।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ভিন্ন মত প্রকাশের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার জন্যই এসব নেতাকে বন্দী করে রাখা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত পোষণ করা অপরাধ নয়, গুরুত্বপূর্ণ অধিকার মাত্র। সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করে কোনো সরকারই টিকতে পারেনি, এই সরকারও টিকতে পারবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ভোটারবিহীন গণবিচ্ছিন্ন সরকারের এই ধরনের হীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কারাবন্দী সাংবাদিক নেতাসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
বিবৃতিদাতারা হলেন খায়রুল কবির, আমান উল্লাহ, হাবিবুর রহমান, ফজলুল হক, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান ও সালাহউদ্দিন। বিজ্ঞপ্তি।